জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সরকারে এসেই হাজার হাজার কোটি টাকা ছাপানো হয়েছে। অর্থ পাচারকারীদের পুনর্বাসনের জন্য ব্যাংক আইন পরিবর্তন করার মাধ্যমে বোঝা যায় চেয়ার পরিবর্তন হয়েছে কিন্তু লুটপাটকারীদের ফিরিয়ে আনার মানসিকতার পরিবর্তন হয়নি। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার সুযোগ দেবে না এনসিপি। আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে।
শনিবার (২৫ এপ্রিল) এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। সভায় জাতীয় যুবশক্তির ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় ও সারাদেশ থেকে আসা নেতাকর্মীরা।
অর্থনৈতিক সংকট নিয়ে আখতার হোসেন বলেন, গণভোটে হ্যাঁ-এর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি। বিএনপি যখন বলে যে তারা সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে সরকার গঠন করেছে, তাই তারা যা খুশি তাই করতে পারে– এই বক্তব্য গণভোটের সঙ্গে প্রতারণার শামিল। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনের পর শপথের প্রথম দিনেই বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনরায় উপেক্ষা করে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিচ্ছে।
—এজেড