ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩ | ৭ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

বাহাত্তরের সংবিধান মোতাবেক শেখ মুজিব এখনও স্বাধীনতার ঘোষক

বাহাত্তরের সংবিধান মোতাবেক শেখ মুজিব এখনও স্বাধীনতার ঘোষক

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাহাত্তরের সংবিধান মোতাবেক বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে শেখ মুজিবুর রহমান এখনও জাতির জনক এবং স্বাধীনতার ঘোষক।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবীতে জামায়াত আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

বর্তমান প্রধানমন্ত্রীর উদ্দেশে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আপনি শুধুমাত্র জুলাইয়ের কারণে প্রধানমন্ত্রী, শহীদদের আত্মত্যাগের কারণে প্রধানমন্ত্রী, সংবিধানের কারণে নয়। যারা বাহাত্তরের সংবিধান নিয়ে রাজনীতি করছেন, তাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। পঞ্চম সংশোধনী পুনর্বহালের প্রস্তাবও ৭২-এর সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমান এখনও জাতির জনক ও স্বাধীনতার ঘোষক হিসেবে বিবেচিত। বর্তমান সরকারের একমাত্র বৈধতা ২০২৪ সালের গণঅভ্যুত্থান থেকে এসেছে, সংবিধান থেকে নয়।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, সরকারি দল কিছু মূলধনকে পুঁজি করে যে রাজনৈতিক ব্যবসা শুরু করেছে, তা ইতোমধ্যে ঋণখেলাপিতে পরিণত হয়েছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে একটি ‘ইন্ডাস্ট্রি’ তৈরি করেছে, যা সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে। নতুন প্রজন্ম সেই প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের নতুন স্বপ্ন নিয়ে সামনে এসেছে। যে পুঁজি ইতোমধ্যে ক্ষয় হয়ে গেছে, সেটিকে কেন্দ্র করে আবারও ৭২-এর সংবিধান নিয়ে রাজনীতি শুরু করেছে বিএনপি। বিএনপির রাজনীতি, আদর্শ ও শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক অঙ্গীকারের সঙ্গে ১৯৭২ সালের সংবিধানের কোনো সামঞ্জস্য নেই।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ভিডিও বক্তব্যে বলেছেন যে তিনি পদত্যাগ করেননি এবং কোনো পদত্যাগপত্র পাননি বলে জানিয়েছেন রাষ্ট্রপতিও। যদি পদত্যাগ না হয়ে থাকে, তাহলে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী হিসেবে বহাল আছেন কি না। তাহলে কি দেশে আজ দুটি সংসদ বা দুজন প্রধানমন্ত্রী রয়েছেন? একজন বিতাড়িত হয়েছেন, আরেকজন সেই আসনে বসে আছেন।

—এজেড