ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩ | ৬ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

জ্বালানি-লোডশেডিং নিয়ে সরকার লুকোচুরি খেলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জ্বালানি-লোডশেডিং নিয়ে সরকার লুকোচুরি খেলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জ্বালানি সংকট নিয়ে সরকারকে খোলাসা করতে হবে, কেন লোডশেডিং হচ্ছে। সিন্ডিকেট আছে কি না, তা জনগণকে অবশ্যই জানাতে হবে। সরকার জ্বালানি পর্যাপ্ত থাকার দাবি করলেও তেলের পাম্পে দীর্ঘ লাইনের পেছনে সিন্ডিকেটের হাত রয়েছে। সরকার যদি এই সিন্ডিকেটকে দমাতে না পারে, তাহলে এনসিপি সিন্ডিকেট দমন করতে মাঠে নামবে। লোডশেডিংয়ের কারণে এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অতীতে যেমন আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ ছিলাম, ভবিষ্যতেও যদি কেউ বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদী শাসন কায়েম করার অপচেষ্টা চালায়, তবে তাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম চলমান থাকবে।গণতন্ত্র ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কোনো আপস করা হবে না। দেশের সংকট নিরসন ও রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সোশ্যাল সেফটি নেটের আওতায় সরকারের কার্ড দেয়ার বিষয়টিকে স্বাগত জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তবে এই অর্থের উৎসের ব্যাপারে যথাযথ ব্যাখ্যা দিতে হবে। মুদ্রাস্ফীতি না কমিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার গোপনে নোট ছাপাচ্ছে।

বৃহস্পতিবার শাহবাগ থানার ঘটনা প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এনসিপি গণতান্ত্রিক ক্যাম্পাস চায়। কেউ যদি ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা চালায়, তবে রাজপথে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করা হবে। সরকার যদি দেশের বিদ্যমান সংকটগুলো নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারে, তবে তাদের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।

—এজেড