ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩ | ৫ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

আরো ৫ দিন থাকবে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি: বিদ্যুতের যুগ্ম সচিব

 আরো ৫ দিন থাকবে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি: বিদ্যুতের যুগ্ম সচিব

গ্যাস সংকটের কারণে দেশে চলমান বিদ্যুৎ বিভ্রাট আরও পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহেনা জানান, আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এই ভোগান্তি বজায় থাকলেও মে মাসের শুরু থেকে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।

উম্মে রেহেনা জানান, চাহিদার তুলনায় বর্তমানে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব না হওয়ায় এই বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদনের খরচ অত্যধিক হওয়ায় সেটিও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। ফলে বর্তমানে চাহিদার অর্ধেকেরও কম বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে।

তবে আশার কথা শুনিয়ে যুগ্ম সচিব বলেন, মে মাসের প্রথম সপ্তাহেই গ্রিডে নতুন করে ১ হাজার ৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে করে উৎপাদন বাড়বে এবং লোডশেডিংয়ের মাত্রা উল্লেখযোগ্য হারে কমে আসবে। এছাড়া গ্রাম ও শহরের মধ্যে লোডশেডিংয়ের যে বৈষম্য রয়েছে, তা কমিয়ে আনতে খুব দ্রুতই উচ্চপর্যায়ের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান। মূলত মে মাসের শুরু থেকেই গ্রাহকরা বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন অনুভব করবেন বলে আশা করছে মন্ত্রণালয়।