তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে- তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া। এ কারণেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
সোমবার (২০ এপ্রিল) বরিশাল আউটার স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর পর বরিশাল আউটার স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ শুরু হয়েছে। লীগে এবার ৮ টি গ্রুপে মোট ২০ টি দল অংশ নিচ্ছে।
তথ্যমন্ত্রী বলেন, একটা দেশ, একটা জাতি এবং সে জাতির ভবিষ্যৎ প্রজন্ম কখনোই সুস্থভাবে গড়ে উঠতে পারে না যদি তার সুস্থ সুন্দর বিনোদনের পথ পরিষ্কার না থাকে। আজকে বিশ্ব মঞ্চে বাংলাদেশ ক্রিকেটের যতটুকু গৌরব দেখা যায়, তা হয়ত সম্ভব হতো না যদি জিয়াউর রহমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার পথ তৈরি না করতেন। যারা বিগত দিনে ক্ষমতায় ছিলেন, শাসন করেছেন, তাদের প্রত্যেকের লুটপাট ছাড়া আর কোথাও কোনো মনোযোগ ছিল না। তাই আমাদের সন্তানদের শিক্ষা এবং শিক্ষা বহির্ভূত কর্মকাণ্ডকে পৃষ্ঠপোষকতা দেওয়া রাষ্ট্রের, সমাজের এবং সরকারের দায়িত্ব।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের বয়স মাত্র দুই মাস। এই এই সময়ের মধ্যে আমরা যতগুলো কাজকে অগ্রাধিকার দিয়েছি তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ক্রীড়া এবং সংস্কৃতি। আমরা বলেছি- খেলাধুলাকে আমরা এমন জায়গায় নিয়ে যাব, খেলোয়াড়রা যেন এটাকে পেশা হিসেবে নিতে আগ্রহী হয়। ক্রীড়া জগৎ, সুস্থ বিনোদন জগৎ আমাদের লক্ষ্য।
—এজেড