দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় উদ্বোধনী হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এবং সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় ছিন্নমূলস্থ এস. এম পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং উপস্থিত অতিথিরা কেন্দ্র পরিদর্শন করেন। স্বাস্থ্যকর্মীরা নির্ধারিত নিয়ম অনুযায়ী শিশুদের টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বী, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম এবং ইউনিসেফের চিফ অব ফিল্ড মাধুরী ব্যানার্জিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। এ ধরনের টিকাদান কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিশুদের নিরাপদ ও সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব। তারা আরও বলেন, সরকারের এই উদ্যোগ সফল করতে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নির্ধারিত সময়ে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে এসে টিকা নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
এদিকে, এস এম পাইলট উচ্চ বিদ্যালয় টিকাদান কেন্দ্রে মোট ৫৭০ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উপজেলা জুড়ে একযোগে এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে, যাতে কোনো শিশু টিকাদানের বাইরে না থাকে, তা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ কাজ করছে। উল্লেখ্য, হাম-রুবেলা নির্মূলে সরকারের এই বিশেষ কর্মসূচি দেশের সকল জেলায় একযোগে বাস্তবায়ন করা হচ্ছে, যা জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
—এজেড