ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩ | ৬ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

ডেপুটি স্পিকার

শিক্ষকদের আগে নিজেদের মানসিকতার পরিবর্তন আনতে হবে

শিক্ষকদের আগে নিজেদের মানসিকতার পরিবর্তন আনতে হবে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, শিক্ষকদের আগে নিজেদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন। কোনো নেতার কাছে ধর্না দেওয়ার প্রয়োজন নেই। নিজের পেশার প্রতি সম্মানবোধ গড়ে তুলতে হবে। শিক্ষকতা জাতির অন্যতম সম্মানজনক পেশা, তাই আপনাদের কাছে মানুষ আসবে, আপনাদের কোথাও যেতে হবে না।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন, ডেপুটি স্পিকারের একান্ত সচিব সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররাফ হোসাইনসহ শিক্ষকবৃন্দ। সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন ব্যারিস্টার কায়সার কামাল।

ডেপুটি স্পিকার বলেন, গত ১৫ বছরে অনেকের নৈতিকতা ও বিবেকের অবক্ষয় হয়েছে। নানা প্রভাবশালী ব্যক্তির মন রক্ষা করতে গিয়ে পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এখন সময় এসেছে আইনকে প্রাধান্য দেওয়ার। কোনো ব্যক্তি যতই শক্তিশালী হোক, আইনের ঊর্ধ্বে নন। আমরা আইনকে সম্মান করবো এবং আইনি কাঠামোর মধ্যেই সব কার্যক্রম পরিচালিত হবে। নিজেদের শক্ত অবস্থান তৈরি করুন। বিদ্যালয়ে এমন পরিবেশ গড়ে তুলুন, যেখানে কোনো অপ্রাসঙ্গিক প্রভাব প্রবেশ করতে না পারে। যারা আইনকে সহযোগিতা করবে, তাদের পাশে আমরা থাকব। আর যারা সচেতন হবে না, তাদের জন্য আইন রয়েছে।

—এজেড