রাষ্ট্র পরিচালনায় বিএনপি জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, বিএনপি ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করছে। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে একটি নতুন ধারায় এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সিলেট নগরের হযরত শাহজালাল রহ.-এর মাজার মসজিদে জুমার নামাজ শেষে গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্মরণে আয়োজিত দোয়া মাহফিলের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহসভাপতি আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহসভাপতি শহিদ আহমদ, মাহবুবুর রব চৌধুরী ফয়সাল, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, আনোয়ার হোসেন মানিক, কোহিনুর আহমদ, সাঈদ আহমদ, আবুল কাশেম, শাকিল মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক আল আসলাম মুমিন প্রমুখ।
গুম হওয়া ইলিয়াস আলীর ত্যাগ দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে জানিয়ে এ্যানি বলেন, আন্দোলন-সংগ্রামে যারা জীবন দিয়েছেন বা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। যারা দীর্ঘদিন ধরে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, যারা আন্দোলনে জীবন দিয়েছেন, তাঁদের ত্যাগ বৃথা যাবে না। এসব ত্যাগের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।
আগামী ২ মে প্রধানমন্ত্রীর সিলেট সফরের সম্ভাবনা রয়েছে জানিয়ে এ্যানি বলেন, সফরে তারেক রহমান বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করতে পারেন। এক সময় গুরুত্বপূর্ণ এ নদীটি এখন প্রায় খালে পরিণত হয়েছে। নদী পুনরুদ্ধারের মাধ্যমে সিলেট অঞ্চলের পরিবেশ ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আরও কিছু কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে, বিএনপি সব সময় সিলেটবাসীর পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দলমত নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
বিচার ও জবাবদিহিতা প্রসঙ্গে এ্যানি বলেন, অতীতে সংঘটিত নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যথাযথ তদন্তের মাধ্যমে মূল্যায়ন করা হবে। দেশের মানুষের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। মে মাসে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে, আগাম পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে বন্যার প্রভাব কমিয়ে আনার চেষ্টা চলছে।
—এজেড