বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার আরেকটি দল নির্বাচনে লড়ছেন, জামায়াতে ইসলামী। এমন কিছু কথা বলছে মনে হচ্ছে দেশের সব কিছুই করবে। আমি একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে আমি মুক্তিযুদ্ধ করেছি। ওই সময়ে যারা আমার মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার পক্ষে আমি না। এ জন্য জামায়াতকে আমরা রাষ্ট্রের ক্ষমতা দিতে পারি না। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আখনগর ইউনিয়নের দোলুয়াপাড়ায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের শহীদ জিয়া ও খালেদা জিয়ার ছেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দিন লন্ডনে ছিলেন। দীর্ঘ দিন প্রবাস ছেড়ে দেশে ফিরেছেন। দেশে এসেই তিনি মা-বোনদেরকে ফ্যামিলি কার্ডের কথা বলছেন, যদি একটা ফ্যামিলি কার্ড দেওয়া হয় সে ক্ষেত্রে সস্তায় নিত্যপণ্য ক্রয় করতে পারবে। চিকিৎসা-শিক্ষাসহ সবকিছুই করতে পারবে। কৃষকদেরকেও কার্ড দেওয়া হবে। যার ফলে সে তার সার-বীজ সবকিছুই ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবে। আমরা বাচ্চাদেরকে ভালো লেখাপড়ার জন্য ভালো স্কুলের ব্যবস্থা করব। হাসপাতালে যেন মানুষ ভালো চিকিৎসা পায় সে ব্যবস্থা করব। সস্তায় ওষুধ দেওয়ার চেষ্টা করব। এবার নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে এয়ারপোর্ট ও মেডিকেল কলেজ নির্মাণ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করব। আমাদের মায়েদেরকে তারেক রহমান ট্রেনিং দেবেন, যেন ঘরে বসেই তারা আয় করতে পারেন।
বিএনপির মহাসচিব বলেন,আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা হিন্দু-মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ করতে চাই না। হিন্দু ভাইদেরকে অনেকেই ভয় দেখায়। এটা যেন কেউ না করে আমি পরিষ্কার করে বলতে চাই। কারণ তারাও এ দেশের নাগরিক। এই দেশের সমান অধিকার আছে। তারা সবাই এ দেশের নাগরিক। তাদেরকে সমানভাবে নিরাপত্তা দেওয়া হবে, সুরক্ষা দেওয়া হবে। নির্ভয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন এবং যাকে খুশি তাকে দেবেন, আর বাকি দায়িত্ব থাকবে মুসলমান ভাইদের। তারা হিন্দুদের সুরক্ষার ব্যবস্থা করবে। নিরাপত্তা দেবে।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। আপনারা যখন আমাকে সমর্থন করেন, তখন আমি সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলার চেষ্টা করি। নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।