ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ | ২৬ চৈত্র ১৪৩২ | ২০ শাওয়াল ১৪৪৭

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরালো করতে আলোচনা হয়েছে: জয়শঙ্কর

 বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরালো করতে আলোচনা হয়েছে: জয়শঙ্কর

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তাঁর দিল্লি সফরের অংশ হিসেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (০৮ এপ্রিল) দুপুরে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান যে, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিকের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ড. খলিলুর রহমানের সঙ্গে এই সফরে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে ব্যবসা-বাণিজ্য, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনঃপ্রবর্তন, জ্বালানি নিরাপত্তা, গঙ্গার পানিচুক্তির নবায়ন এবং সীমান্তে হত্যা বন্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পায়।

এছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভারতীয় ভিসা পুনরায় চালু করা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরানোর বিষয়টি প্রধান এজেন্ডা হিসেবে ছিল।

বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ভারতের সমর্থন নিশ্চিতকরণ এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে মরিশাস যাওয়ার পথে মঙ্গলবার দিল্লি পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী।

সফরের প্রথম দিনেই তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন এবং আজ বিকেলে পেট্রোলিয়াম মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে। আগামীকাল সকালে তিনি দিল্লির সফর শেষ করে মরিশাসের উদ্দেশ্যে রওনা হবেন।

এসএফ