বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা, তীব্র যানজট নিরসন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষার উপযোগী করে গড়ে তুলতে দেশের নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বিত (হাইব্রিড) পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার। বুধবার (০৮ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, সব স্কুলে একযোগে নয়, বরং যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা রয়েছে, সেগুলোতে পাইলট প্রকল্প হিসেবে এই উদ্যোগ নেওয়া হতে পারে। প্রস্তাবিত মডেলে সপ্তাহজুড়ে কিছুদিন অনলাইন এবং কিছুদিন অফলাইন ক্লাস থাকবে, যা জ্বালানি সাশ্রয় ও যানজট কমাতে সাহায্য করবে। ড. মিলন আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতের শিক্ষা হবে প্রযুক্তিনির্ভর ও অনেকাংশে ‘পেপারলেস’, তাই শিক্ষার্থীদের সেই বাস্তবতার জন্য প্রস্তুত করতে হবে।
রাজধানীতে অনেক শিক্ষার্থী ব্যক্তিগত গাড়িতে স্কুলে যাতায়াত করে যা প্রতিদিন বিপুল জ্বালানি অপচয় ও যানজট সৃষ্টি করে উল্লেখ করে মন্ত্রী বলেন, সংকটকে সুযোগ হিসেবে নিয়ে আমাদের আধুনিক ও নমনীয় শিক্ষা ব্যবস্থার দিকে ধাপে ধাপে এগোতে হবে। এই প্রক্রিয়ায় শিক্ষকদের প্রশিক্ষণ ও তদারকি বাড়ানোর ওপরও তিনি জোর দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সেমিনারে উপস্থিত ছিলেন।
এসএফ