দেশ সঠিক পথে এগোচ্ছে, অন্তর্বর্তী সরকারও ভালো কাজ করছে—জনমত জরিপ চালিয়ে এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। ৬৯ শতাংশ মানুষের আস্থা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ওপর।
আইআরআইয়ের পক্ষে ‘সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ’ দেশজুড়ে ‘ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ’ শীর্ষক এই জরিপ গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পরিচালনা করা হয়। সোমবার (১ ডিসেম্বর) আইআরআইয়ের ওয়েবসাইটে জরিপ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এর আগে ২০১৮ সালে আইআরআই জরিপ চালিয়ে দেখতে পেয়েছিল, ৬৪ শতাংশ মানুষ তৎকালীন আওয়ামী লীগ সরকারের ওপর সন্তুষ্ট এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থাবান ছিলেন ৬৬ শতাংশ মানুষ।
আইআরআইয়ের ২০২৩ সালের জরিপে দেখা গিয়েছিল, দেশের অর্ধেক মানুষ দেশের তৎকালীন গণতান্ত্রিক পরিস্থিতিকে ‘ভালো’ বলেছিলেন। তার পরের বছর ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এক বছর পার করার পর নতুন জরিপ করল আইআরআই।
গত ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের মধ্যে দেশের ৬৩টি জেলার (রাঙামাটি ছাড়া) ৪ হাজার ৯৮৫ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সাক্ষাৎকারের ভিত্তিতে মতামত সংগ্রহ করেছে আইআরআই। তাঁদের মধ্যে পুরুষ ২ হাজার ৪১০ জন। নারী ২ হাজার ৫৭৫ জন।
জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিদের কাছে জানতে চাওয়া হয়েছিল, বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক পরিস্থিতিকে ‘ভালো’ নাকি ‘মন্দ’ মনে করছেন? ২৯ শতাংশ বলেছেন, ‘খুবই ভালো’। ‘মোটামুটি ভালো’ বলেছেন ৪৩ শতাংশ। সব মিলিয়ে ৭২ শতাংশ মানুষ দেশের গণতান্ত্রিক পরিস্থিতি সম্পর্কে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। অন্যদিকে ৭ শতাংশ মানুষের কাছে দেশের গণতান্ত্রিক পরিস্থিতি ‘খুবই খারাপ’। জরিপে অংশ নেওয়া ৫৩ শতাংশ মানুষ মনে করছেন, এ সময়ে বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে। ৪২ শতাংশ মনে করছেন, ভুল পথে এগোচ্ছে।
অন্তর্বর্তী সরকার কেমন করছে—এই প্রশ্নের জবাবে ২৬ শতাংশ মানুষ বলেছেন, ‘খুবই ভালো’। আর ‘মোটামুটি ভালো’ বলেছেন, ৪৪ শতাংশ মানুষ। সব মিলিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন ৭০ শতাংশ মানুষ। পুরুষদের মধ্যে ৭২ শতাংশ অন্তর্বর্তী সরকারের কাজে সন্তুষ্ট। নারীদের মধ্যে এ হার ৬৯ শতাংশ। জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিদের ১৫ শতাংশ বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ‘মোটামুটি খারাপ’ করছে। ১১ শতাংশের মতে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড ‘খুবই খারাপ’।
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. ইউনূস ‘খুবই ভালো’ করছেন বলে মনে করেন ২৬ শতাংশ। আর ৪৩ শতাংশ মনে করছেন, তিনি ‘মোটামুটি ভালো’ করছেন। সব মিলিয়ে ৬৯ শতাংশ অংশগ্রহণকারী প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখেছেন। নারীদের তুলনায় বেশি সংখ্যক পুরুষ মনে করেন ড. ইউনূস ভালো করছেন। পুরুষদের মধ্যে এ হার ৭০ শতাংশ। নারীদের মধ্যে ৬৮ শতাংশ। অন্যদিকে জরিপে অংশ নেওয়া ১৭ শতাংশ মানুষ মনে করছেন, ড. ইউনূস ‘মোটামুটি খারাপ’ করছেন। ৯ শতাংশের কাছে প্রধান উপদেষ্টার কর্মকাণ্ড ‘বেশ খারাপ’।
জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিদের প্রশ্ন করা হয়েছিল, আপনি কি দেশ নিয়ে আশাবাদী। জবাবে ‘খুবই আশাবাদী’ বলেছেন ৪২ শতাংশ মানুষ। ‘মোটামুটি আশাবাদী’ বলেছেন ৩৮ শতাংশ। অন্যদিকে ১১ শতাংশ বলেছেন, তাঁদের আশা ‘খুবই ক্ষীণ’। ‘একটুও আশাবাদী নন’ আরও ৬ শতাংশ মানুষ।