টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন বাংলাদেশের
চলতি আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের বড় পুরস্কার পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে আর কোনো বাছাইপর্ব খেলতে হবে না টাইগ্রেসদের; সরাসরি মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
উল্লেখ্য, চলমান ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে বাংলাদেশকে কঠিন বাছাইপর্বের মুখোমুখি হতে হয়েছিল। তবে সেখানে দুর্দান্ত আধিপত্য দেখিয়ে সবকটি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েই মূল মঞ্চে পা রেখেছিল টাইগ্রেসরা। এরপর মূল আসরের গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে এক আসরে প্রথমবারের মতো দুটি জয় তুলে নেয় বাংলাদেশ। আর এই অবিস্মরণীয় সাফল্যের ওপর ভর করেই গ্রুপ 'এ'-এর পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থেকে মিশন শেষ করে তারা।
গ্রুপ পর্বের খেলা শেষে টুর্নামেন্টের শীর্ষ আট দলের তালিকায় জায়গা করে নেওয়ায় বাংলাদেশসহ মোট ৮টি দেশ সরাসরি ২০২৮ বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে। দলগুলো হলো—বাংলাদেশ, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। এছাড়া পরবর্তী আসরের স্বাগতিক দেশ হওয়ায় পাকিস্তানও সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে। চূড়ান্ত তালিকার বাকি মাত্র একটি স্থান নির্ধারিত হবে আগামী ৬ই জুলাইয়ের আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। বর্তমান রেটিং পয়েন্টের অবস্থান অনুযায়ী সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড।
এদিকে ২০২৭ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য ‘নারী চ্যাম্পিয়ন্স ট্রফি’-এর ছয়টি দলও নির্ধারিত হবে আগামী ৬ই জুলাইয়ের এই টি-টোয়েন্টি র্যাঙ্কিং অনুযায়ী। টুর্নামেন্টের স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে শীর্ষ পাঁচ দল খেলবে এই মেগা ইভেন্টে। আইসিসির বর্তমান সম্ভাব্য সেই তালিকায় শ্রীলঙ্কা ছাড়া বাকি পাঁচটি দল হলো, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
-এসএফ