‘শাওন কি শেখ হাসিনার চেয়েও বেশি পাওয়ারফুল?’
প্রধানমন্ত্রীর সামনে ছাত্রদল নেতা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু হোরায়রা বলেছেন, বিশিষ্ট অভিনেত্রী মেহের আফরোজ শাওনের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জুলাই বিপ্লবের যোদ্ধাদের চরম অপমান করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও দ্রুত বিচার দাবি করে তিনি প্রশ্ন তুলেছেন, ‘মেহের আফরোজ শাওন কি শেখ হাসিনার চেয়েও বেশি পাওয়ারফুল?’
আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর সরাসরি দৃষ্টি আকর্ষণ করে ছাত্রদল নেতা আবু হোরায়রা বলেন, "আমরা মেহের আফরোজ শাওনের একটি ফেসবুক পোস্টে অত্যন্ত মর্মাহত হয়েছি। তিনি কি শেখ হাসিনার চেয়েও বেশি পাওয়ারফুল? এখনো কি তিনি সেই ক্ষমতা বহন করেন? তিনি জুলাই যোদ্ধাদের অপমান করেছেন। তিনি এই দুঃসাহস কোথায় পেলেন? আমরা তার বিচার চাই। খুব দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।"
তিনি তাঁর বক্তব্যে জুলাই গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকার কথা বিশেষভাবে তুলে ধরেন এবং আন্দোলনে তাঁদের দেওয়া অবদান যথাযথভাবে মূল্যায়ন করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।
ঐতিহাসিক ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এই স্মরণসভার আয়োজন করে।
জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও চিকিৎসাধীন আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে সকল বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্মৃতিচারণামূলক এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সরকারের মন্ত্রিসভার সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সংসদ সদস্যগণ, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক ইঞ্চিও ছাড় নয়; জামায়াত আমির | Global TV News
এসএফ