বিশ্ববাজারে স্বর্ণের দামে ধস, প্রভাব পড়েছে দেশের বাজারেও
মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরো বাড়তে পারে এমন প্রত্যাশাই এখন বিশ্ব অর্থনীতিতে বেশি প্রভাব ফেলছে। এর জের ধরে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। ফলে স্বর্ণের দাম ২০০৮ সালের অক্টোবরের পর সবচেয়ে বড় মাসিক পতনের মুখোমুখি দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার (৩০শে জুন) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ৩ হাজার ৯৫৬ দশমিক ৯২ ডলারে নেমে এসেছে। একই সময়ে আগামী আগস্ট মাসে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচারের (আগাম চুক্তি) দাম ১ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৩ হাজার ৯৬৯ দশমিক ৩০ ডলার।
চলতি জুন মাসে এখন পর্যন্ত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে ১২ দশমিক ৭ শতাংশ, যা টানা চতুর্থ মাসিক দরপতন। শুধু তাই নয়, ২০২৪ সালের পর এটিই স্বর্ণের বাজারে প্রথম ত্রৈমাসিক মূল্যহ্রাস এবং ২০১৩ সালের পর এটিই সবচেয়ে বড় ত্রৈমাসিক পতন।
এদিকে সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, চলতি বছরে ফেডের তিন দফা সুদের হার বৃদ্ধির জোরালো প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা। যার মধ্যে আগামী সেপ্টেম্বর মাসে সুদের হার বাড়ার সম্ভাবনা প্রায় ৬৪ শতাংশ দেখা যাচ্ছে।
বিশ্ববাজারে এই বড় দরপতনের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম কমলে সাধারণত দেশীয় বাজারেও তার প্রভাব পড়ে। এর আগে গত ২৯শে জুন বাজুস স্থানীয় বাজারে ভরিতে স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
মূল্যবান ধাতু স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামও উল্লেখযোগ্য হারে কমেছে। বিশ্লেষকদের ধারণা, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধেও (বছরের বাকি সময়) বৈশ্বিক স্বর্ণের বাজারে এই অস্থিরতা ও দরপতনের ধারা অব্যাহত থাকতে পারে।
লোকবল সঙ্কটে শরীয়তপুরের তারাবুনিয়া হাসপাতাল | Global TV News
এসএফ