ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬ | ২ চৈত্র ১৪৩২ | ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

রাষ্ট্রপতির অভিশংসনে এখন আর কোনো সাংবিধানিক সংকট নেই

রাষ্ট্রপতির অভিশংসনে এখন আর কোনো সাংবিধানিক সংকট নেই

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যে বাধা দিতে ও তার অভিশংসনের দাবি তুলতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, রাষ্ট্রপতির অভিশংসনে এখন আর কোনো সাংবিধানিক সংকট নেই, সংসদ এখন আইনগতভাবে এই রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে। ফ্যাসিবাদের সর্বশেষ চিহ্ন এই রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতিকে অভিশংসন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার’-এর ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। এ  সময় সংসদ অধিবেশন শেষ হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার ঘোষণা দেন তিনি। 

আসিফ মাহমুদ বলেন, রাষ্ট্রপতির বক্তব্যের সময় আমরা দেখতে চাই যে, কারা সংসদে বসে রাষ্ট্রপতির বক্তব্য শুনছেন। এখান থেকেই বাংলাদেশ দুইভাগে বিভক্ত হবে। একটা হলো ফ্যাসিবাদের পক্ষে, আরেকটি ভাগ হলো ফ্যাসিবাদের বিপক্ষে। যারা ফ্যাসিবাদের বিপক্ষে আছেন, তারা যেন এই রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেন। তারা যেন রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে তারা যেন বাধা সৃষ্টি করেন এবং অভিশংসনের দাবি তোলেন।

তিনি আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে গণভোটের জনরায় অনুযায়ী সংস্কার জুলাই সনদের আলোকে সংস্কার বাস্তবায়ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারগুলো গত দেড় বছর ধরে দুর্বিষহ জীবনযাপন করছে। যারা এসব মানুষকে শহীদ ও আহত করেছে, তাদের বিচার বাস্তবায়ন করতে হবে। আমরা আমাদের এক দফা দাবিতে বলেছিলাম যে, শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে। কিন্তু আমরা সেই ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ করতে পারিনি। ৫ আগস্টের পর থেকেই রাষ্ট্রপতিকে অপসারণের দাবি বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্ম থেকে এসেছে। সে সময় সংবিধানের দোহাই দিয়ে এবং নানা সংকট ও অস্থিতিশীলতার কথা বলে আপনারা (বিএনপি) রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেননি। আমরা চেষ্টা করেছি, রাজপথে আমাদের সহযোদ্ধারা চেষ্টা করেছেন, কিন্তু আপনারা সেটা হতে দেননি।