স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে তাদের প্রাথমিক ও প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য কমিশনের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।
আজ মঙ্গলবার (৩০শে জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে আজকের অধিবেশনের এই প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য ইতিহাসে প্রথমবারের মতো আইটি সাপোর্টেড (IT Supported) পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য বিশেষ রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করেছে। আগামী জাতীয় নির্বাচনেও এই যুগান্তকারী উদ্যোগ অব্যাহত থাকবে এবং সর্বোচ্চসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এই আধুনিক পদ্ধতির আওতায় নিয়ে আসার জন্য নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এদিকে গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের অপর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী স্পষ্টভাবে জানান, এই মুহূর্তে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং মেম্বারদের (সদস্য) বিদ্যমান বেতন বা সম্মানী ভাতা বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের বিবেচনাধীন নেই।
জেলা পরিষদের কার্যক্রমে সংসদ সদস্যদের ভূমিকা প্রসঙ্গে তিনি আরো বলেন, জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৫ অনুচ্ছেদের অধীন নির্বাচিত কোনো জেলার সংসদ সদস্যগণ পদাধিকারবলে উক্ত জেলা পরিষদের প্রধান উপদেষ্টা হবেন এবং পরিষদের যেকোনো কার্যাবলি সম্পাদনে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করবেন।
শুভেচ্ছান্তেঃ ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল (অ্যাটর্নি জেনারেল) | Global TV News
এসএফ