মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: স্থানীয় সরকারমন্ত্রী
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়। সাংবাদিকরা নির্ভয়ে সত্য তুলে ধরবেন। যে ভালো কাজ করবে তাকে স্বীকৃতি দিতে হবে, আর যে অন্যায় করবে তাকে সমালোচনার মুখোমুখি করতে হবে। সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহসই সাংবাদিকতার মূল শক্তি। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানো গণমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আনিসুল হক মিলনায়তনে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা ।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। রাজনীতি করতে গিয়ে অনেক সময় সিদ্ধান্তে ভুল হতে পারে। সাংবাদিকদের দায়িত্ব হলো সেই ভুলগুলো তুলে ধরে সঠিক পথনির্দেশনা দেওয়া। এটি অত্যন্ত জরুরি। মিডিয়া শক্তিশালী হলে দেশের গণতন্ত্রও শক্তিশালী হয়। গণতন্ত্রের সাফল্য অনেকাংশে নির্ভর করে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ওপর। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে অনেক সাংবাদিক সত্য সংবাদ প্রকাশ করায় নিগৃহীত হন। কোনো ঘটনার সত্যতা তুলে ধরলে যার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশিত হয়, অনেক সময় সে-ই সাংবাদিকের ওপর চড়াও হয়। ঠাকুরগাঁওয়ে এমন ঘটনা না ঘটলেও দেশের বিভিন্ন স্থানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।
সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, দক্ষ ও সৎ নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি নতুন উপজেলা পরিচালনায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তি নয়—কাজকে মূল্যায়ন করতে হবে। যারা ভালো কাজ করবেন, তাদের সাফল্য যেমন তুলে ধরতে হবে, তেমনি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তারা গণমানুষের আস্থা আরও সুদৃঢ় করবেন এবং প্রেস ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।