খামেনির মৃত্যুতে শোকাতুর ইরানের পাশে বাংলাদেশ
ইরানে অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য আয়োজিত রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় (মাসাল্লা) আয়োজিত এই অনুষ্ঠানে প্রয়াত আলী খামেনির বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া করার পাশাপাশি স্পিকার ইরানের মহামান্য প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির উচ্চপদস্থ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশ সরকার ও এ দেশের জনগণের পক্ষ থেকে গভীর শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন এবং বাংলাদেশের আনুষ্ঠানিক শোকবার্তা পৌঁছে দেন। পরবর্তীতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সেখানে রক্ষিত আনুষ্ঠানিক শোক বইতেও (কনডোলেন্স বুক) স্বাক্ষর করেন।
অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদানের আগে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের 'ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি'-এর স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ইরান ও বাংলাদেশের মধ্যকার শতাব্দী প্রাচীন ঐতিহাসিক বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক বন্ধন এবং সুদৃঢ় কূটনৈতিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন।
একই সঙ্গে স্পিকার, সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে স্পিকার গালিবাফের গঠনমূলক ও ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, এই চুক্তি ইরানসহ সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বয়ে আনবে। বাংলাদেশ এই শান্তি প্রক্রিয়ার প্রতি তার দৃঢ় সমর্থন বজায় রাখবে এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরবর্তীতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গেও একটি ফলপ্রসূ বৈঠক করেন। বৈঠকে ইরানের ক্রীড়ামন্ত্রী তাদের দেশে ক্রিকেট খেলার সার্বিক উন্নয়ন ও প্রসারে বাংলাদেশের অভিজ্ঞতাসমৃদ্ধ সহায়তা কামনা করেন। এর পাশাপাশি তিনি দুই দেশের মধ্যে ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণ করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের তীব্র আগ্রহ প্রকাশ করেন। স্পিকার ইরানের ক্রীড়ামন্ত্রীর এই বিশেষ বার্তা ও আগ্রহের বিষয়টি বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নিকট যথাযথভাবে পৌঁছে দেবেন বলে আশ্বস্ত করেন।
উল্লেখ্য, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিতে গতকাল শুক্রবার তেহরান পৌঁছান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তেহরান বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ ও রাষ্ট্রীয় অভ্যর্থনা জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।