খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি আটক
খাগড়াছড়ি সরকারি কলেজ ক্যাম্পাসে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জুন) রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এ ঘটনায় জড়িত সন্দেহে খাগড়াছড়ি জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক সহ-সভাপতিকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম মো. রনি। তিনি খাগড়াছড়ি জেলা নিষিদ্ধ ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি মনির হোসেনের বড় ভাই।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, দুই তরুণ স্মৃতিস্তম্ভের ভেতরে প্রবেশ করে বোতল থেকে কোনো তরল পদার্থ ঢালছেন। এরপর তারা আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ভিডিওটি ধারণ করা অবস্থায়ই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ফেসবুক আইডি থেকে ওই ভিডিওটি প্রচার করতে দেখা গেছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মো. রনিকে আটক করেছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।