শিরোনাম
কোনো শিরোনাম পাওয়া যায়নি
কোনো শিরোনাম পাওয়া যায়নি

কালেমা খচিত পতাকা ঘিরে কোনো ধরনের বিভ্রান্তি কাম্য নয়: ধর্মমন্ত্রী

রিপোর্টার / লেখক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: 02 Jul 2026, 06:51 PM
কালেমা খচিত পতাকা ঘিরে কোনো ধরনের বিভ্রান্তি কাম্য নয়: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, কালেমা খচিত পতাকা বা ইসলামের অন্যান্য ধর্মীয় প্রতীককে ঘিরে কোনো ধরনের বিভ্রান্তি, অবমাননা কিংবা রাজনৈতিক অপব্যবহার কাম্য নয়। এ ধরনের যেকোনো অপচেষ্টা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং জাতীয় ঐক্য বিনষ্টের কারণ হতে পারে। ইসলামের পবিত্র নিদর্শন ও ধর্মীয় প্রতীকসমূহের মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভীর সভাপতিত্বে ও ড. ওয়ালীয়ুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, মাওলানা মিজানুর রহমান সাঈদ, দেওনার পীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মনির হোসাইন কাসেমী, মাওলানা মোসাদ্দেক বিল্লাহ মাদানী, মাওলানা মহিউদ্দিন ইকরাম, মুফতি হারুন ইজহার, মুফতি আজহারুল ইসলাম, মাওলানা মীর ইদ্রিস, মুফতি শরিফ উল্লাহ, মুফতি ইমাদুদ্দিন, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা এজহারুল হক, মাওলানা মাহমুদুল হাসান গুণবী, মাওলানা আহমদ রফিক এবং ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কওমি মাদরাসা, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের মুহতামিম, শায়খুল হাদিস, খতিব, মুফতি ও আলেম-ওলামারা।

ধর্মমন্ত্রী বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মহান আল্লাহ তাআলা ও তার প্রিয় রাসুল হযরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত জীবনাদর্শের বাইরে ইসলামে নতুন কোনো মতবাদ, বিশ্বাস কিংবা অনুশীলনের স্থান নেই। ধর্মীয় সব বিষয়ে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আল্লাহ ও তার রাসুল (সা.)-এর আদর্শের বাইরে নতুন কোনো মতবাদ প্রতিষ্ঠার অপচেষ্টা দেশের মুসলিম উম্মাহ কখনো মেনে নেবে না; ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে সাদা কিংবা কালো কাপড়ের জমিনে কালেমা তায়্যিবা খচিত পতাকার প্রদর্শন ইদানীং দেখা যাচ্ছে। এই পতাকা দেখিয়েই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার চেষ্টা কোনো মহল করতে পারে বলেও অনেকে সতর্ক করেছেন। আর তেমনটা ঘটলে প্রবাসে থাকা বাংলাদেশিরাও বিপদে পড়তে পারেন।

ভিডিও প্রতিবেদন

‘কাজী নজরুল ইসলাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস’- প্রধানমন্ত্রী | Global TV News

-এজেড