জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় ছাত্র সমাবেশসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ এবং আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সকল অংশীজনের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (২ জুলাই) সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসির।
কর্মসূচির মধ্যে রয়েছে- ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি অডিটোরিয়ামে আলোচনা সভা, ১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশসহ দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণসভা, ১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে কর্মসূচি।
২০ জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান শীর্ষক স্মরণসভা, ২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই অগাস্টের ঘটনাবলীর ওপর লাইভ পারফরম্যান্স ‘প্রতীকী জুলাই’, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিগত ১৭ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের পরিচিত ছবিগুলো নিয়ে প্রদর্শনী, কবিতা উৎসব ও পথনাটক হবে।
২২ জুলাই ‘জুলাই-অগাস্টের শহীদদের’ আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর শাখায় দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি দেওয়া হয়েছে।
২৪-২৫ জুলাই সব শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতারা সারাদেশে বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিট নেতৃবৃন্দ শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
৩ অগাস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে হবে ছাত্রসমাবেশ। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমান।
-এজেড