গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১১৯
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৯টি শিশু। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশুর প্রত্যেকেই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। তবে এই সময়ে ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সাড়ে তিন মাস ধরে দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ১৫ মার্চ থেকে শুরু করে আজ ২ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭২৪টি শিশুর প্রাণহানি ঘটল। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন। আর বাকি ৬৩১টি শিশু মারা গেছে হামের তীব্র উপসর্গ নিয়ে।
অধিদফতরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪টি শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এর বাইরে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯৬৫ জন। আক্রান্তদের মধ্যে গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯০২টি শিশু। বিপরীতে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৭৭ জন।
গত সাড়ে তিন মাসের সামগ্রিক চিত্র আরও ভয়াবহ। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৯৯৩ জনে। এর মধ্যে ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে ১২ হাজার ২৮৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এই সময়ে আক্রান্ত ও উপসর্গ আক্রান্ত মিলিয়ে মোট ৮৬ হাজার ৪১১টি শিশুকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে আশার কথা হলো, তাদের মধ্যে ৮২ হাজার ৭৫৯ জন শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের হামের টিকা সময়মতো নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও নাজুক হতে পারে। বিশেষ করে পুষ্টিহীনতায় ভোগা শিশুদের ক্ষেত্রে এই ভাইরাসের জটিলতা অনেক বেশি দেখা দিচ্ছে। উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে আর বাধা নেই | Global TV News
-এজেড