বর্জ্য সরানোর অনিয়মে ঠিকাদারদের টেন্ডার বাতিল: ডিএসসিসি প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় এবং কাজে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের টেন্ডার (কার্যাদেশ) বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
আজ শনিবার (৪ জুলাই) রাজধানীর শান্তিনগর বাজারে আয়োজিত ‘ক্লিনিং ডে’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
কর্মসূচিতে অংশ নিয়ে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, নগর পরিচ্ছন্ন না থাকলে এবং আমরা যদি বায়ুদূষণ না কমাতে পারি, তবে এটা আমাদের সবার জন্যই লজ্জার। বর্জ্য ব্যবস্থাপনায় আমরা ইতোমধ্যে অনেকটা সফল হয়েছি। এই ধারাবাহিকতা সঠিকভাবে রক্ষা করতে পারলে পুরো নগরকে পুরোপুরি পরিষ্কার রাখা সম্ভব হবে।
কিছু কিছু এলাকায় এখনো ময়লা-আবর্জনা সঠিক সময়ে সংগ্রহ না করার অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাসাবাড়ি, বাড়ির চারপাশ এবং বাজার এলাকার বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, অন্যথায় তা সঠিক সময়ে সরানো সম্ভব হয় না। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ময়লা সরানোর বিষয়ে ঠিকাদারদের কোনো ধরনের অবহেলা প্রমাণিত হলে নতুন করে টেন্ডার দেওয়ার ব্যবস্থা করা হবে এবং অভিযুক্ত ঠিকাদারদের ভবিষ্যতে আর কোনো টেন্ডার দেওয়া হবে না।
পরিবেশ সুরক্ষার বিষয়ে ডিএসসিসি প্রশাসক জানান, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে নগরবাসীকে বেশি বেশি গাছ লাগানোর এবং একটি পরিচ্ছন্ন সবুজ নগর গড়ে তোলার আহ্বান জানান।
এদিকে সিটি কর্পোরেশনের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রশাসক। তিনি জানান, দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে প্রায় ৬৫ শতাংশ বাসাবাড়িতেই এডিস মশার লার্ভা পাওয়া গেছে।
এই আশঙ্কাজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে যেসব স্থানে নিয়মিত পৌঁছানো কঠিন বা চ্যালেঞ্জিং, সেখানে আধুনিক ড্রোন ও প্রযুক্তির মাধ্যমে নতুন ওষুধ এবং লার্ভানাশক ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। এর পাশাপাশি, ডেঙ্গু আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন ডিএসসিসি প্রশাসক।