ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ২৮ মাঘ ১৪৩২ | ২১ শা‘বান ১৪৪৭

শিরোনাম

এবারের ভোটে ভোটে জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই: মির্জা ফখরুল

এবারের ভোটে ভোটে জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের ভোটে কোনো জালিয়াতি, ছলচাতুরী, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। কারণ এখানে যে সরকারটা আছে এই সরকারটা নিরপেক্ষ সরকার। এই সরকার সুন্দর একটা ভোট করতে চায়। এরা চায় যারা নির্বাচন করছে তারাই ভোটের মাধ্যমে জনগণের সরকার গঠন করুক। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের আকচা ইউনিয়নের ফাঁড়াবাড়ি বাজার এলাকায় নির্বাচনি সভায় তিনি এসবকথা বলেন।এ সময় ঠাকুরগাঁও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

দেশের নাগরিকরা এবার সুষ্ঠু ভোট দেওয়ার সুযোগ পেয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সেনাবাহিনী নিরপেক্ষ নির্বাচন চায়, জনগণও চায় এবং আমরা রাজনৈতিক দলগুলোও নিরপেক্ষ নির্বাচন চাই। সুতরাং এবার সম্ভাবনা অনেক বেশি এবার একটা সুন্দর নির্বাচন হবে। আমরা তো সবাই চাই আমার ভোটটা আমি দেব, যাকে খুশি তাকে দিবো। আমার মনটা যাকে চাইবে আমি তাকেই ভোট দেব। তাহলে এবারের ভোটের মধ্য দিয়ে আমার যদি একটা সুন্দর সরকার গঠন করতে পারি, যারা আমার দেশের স্বাধীনতাকে রক্ষা করবে, গণতন্ত্রকে রক্ষা করবে; এর পাশাপাশি আমার দেশের মানুষের কল্যাণের জন্য তারা আয়-ইনকাম বাড়ানোর জন্য বিভিন্ন পথ বের করবে এবং দেশে একটা সুশাসন ব্যবস্থা করবে।

মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন আমরা অনেক গুরুত্ব দিয়ে দেখছি, গুরুত্ব দিচ্ছি এ কারণে যে- ১৫ বছর পরে আমরা একটা ভালো নির্বাচন পাচ্ছি। এর আগে তিনটা নির্বাচন হয়েছে কোনটাতে আমরা ভোট করি নাই, একটা ২০১৮ সালে ভোট করছিলাম ওটা আগের রাতে ভোট নিয়ে গেছে। এরপর আমরা যখন সবাই জেলে তখন ২০২৪ এর নির্বাচন সেটাও হয় নাই। ছাত্র-জনতার আন্দোলনে মধ্য দিয়ে পরিবর্তন হয়ে একটা নিরপেক্ষ সরকার এসেছে। এটা আমার শেষ নির্বাচন, এই নির্বাচনের পরে আমার আর বয়সও থাকবে না, তখন আমি কাজও ঐরকম করতে পারবো না। আমি এসেছি প্রার্থী হয়ে আপনাদের কাছে ভোট চাই। তো আমাকে আপনারা সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে কাজ করার সুযোগ দিবেন বলে আমি বিশ্বাস করি।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঐক্যবদ্ধ হতে হবে, এখানে বিভক্ত থাকলে চলবে না। আমরা হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান সবাই এক হয়ে কাজ করব। তাহলে অবশ্যই আমরা উন্নয়নের কাজগুলো করতে পারবো। 

নিজ এলাকার জামায়াতের প্রার্থী দেলাওয়ারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনি না জেনে আমার সম্পর্কে কথা বলাটা ঠিক হবে না, আপনি একজন সম্মানীয় প্রার্থী, কথাটা সঠিক বলবেন তাহলে ভালো হবে। আর প্রতিপক্ষ প্রার্থীকে আক্রমণ করার সময় প্রতিপক্ষ প্রার্থীর মাত্রাটা-অবস্থানটা বুঝতে হবে, আর নিজের অবস্থানটা বুঝতে হবে।

সনাতন ধর্মাবলম্বীদের প্রতি মির্জা ফখরুল বলেন, আমার হিন্দু ভাই-বোনদের মধ্যে একটা ভয় কাজ করে, কিসের ভয়? আমরা যদি ভোট দিতে গিয়ে কেউ হামলা করে, আছে না এরকম ভয়? কোনো ভয় করবেন না। আপনি এই দেশের নাগরিক, আমি যেমন নাগরিক, ঠিক আপনিও তেমন নাগরিক। আপনি বাংলাদেশি, আমিও বাংলাদেশি। আমি যেমন ভোট দিতে যাব, ঠিক আপনিও ভোট দিতে যাবেন। কে আপনাদের ওপর হামলা করতেছে, কে আপনাদের আটকাচ্ছে ওটা আমরা দেখবো। আমাদের শরীর একবিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না।