নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘ফেবারঅ্যাবল’ না হলে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপিওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দীর্ঘমেয়াদি চুক্তি হবে না। ডিপিওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রক্রিয়া এখনো শেষ হয়নি। শর্ত যদি আমাদের জন্য অনুকূল হয় তাহলে হবে, অন্যথায় হবে না। সোমবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসক কথা বলেন
শ্রমিকদের কর্মবিরতির ফলে বন্দরে সৃষ্ট অচলাবস্থা প্রসঙ্গে নৌপরিবহন উপদেষ্টা বলেন, এই অচলাবস্থা অহেতুক তৈরি করা হয়েছে। আমি বন্দর কর্তৃপক্ষকে বলেছি, তারা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বন্দরের স্বার্থে যা ভালো হবে, তারা সেটিই করবে। মানুষ কষ্ট করলে মানুষই বুঝবে। আমি তো কাউকে কাজ বন্ধ করতে বলিনি।
উল্লেখ্য, এনসিটি পরিচালনায় ডিপিওয়ার্ল্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি কনসেশন চুক্তি নিয়ে বর্তমানে দর-কষাকষি চলছে। ঢাকায় সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) কর্তৃপক্ষের কার্যালয়ে শুরু হওয়া এই প্রক্রিয়া চূড়ান্ত হলে এবং প্রয়োজনীয় অনুমোদন পেলে কয়েক দিনের মধ্যে চুক্তি সই হওয়ার কথা রয়েছে। তবে এই চুক্তির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে কয়েক দিন ধরে কর্মবিরতি পালন করছেন শ্রমিক-কর্মচারীরা। সোমবারও এই কর্মবিরতির কারণে বন্দরের অপারেশনাল কার্যক্রমে স্থবিরতা ও অচলাবস্থা বিরাজ করছে।