গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে মানুষ কার্টুন আঁকতেও ভয় পেত বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, কর্তৃত্ববাদী শাসন সব দিক থেকে, সব সম্ভাব্য উপায়ে, এমনকি কার্টুন এঁকে মতপ্রকাশের স্বাধীনতার ওপরও ভীতিকর প্রভাব ফেলেছিল। ফলে তরুণেরা কার্টুনের মাধ্যমে মতপ্রকাশের অধিকার ব্যবহার করা থেকে বিরত ছিল। দুর্নীতি মানুষের মতপ্রকাশের স্বাধীনতা এবং বাক্স্বাধীনতার অধিকারকে প্রভাবিত করেছিল। যে অভিজ্ঞতার মধ্য দিয়ে জনগণ গিয়েছে, তা স্মৃতি থেকে মুছে ফেলা কঠিন হবে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় টিআইবি আয়োজিত ‘দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা–২০২৫’–এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ বছর চারটি ক্যাটাগরিতে মোট আটজন কার্টুনিস্টকে পুরস্কৃত করেছে টিআইবি।
ড. ইফতেখারুজ্জামান বলেন, টিআইবি প্রতিবছরই দুর্নীতিবিরোধী কার্টুন আঁকার প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতার জন্য প্রতিবছরই ৩৫০ থেকে ৪০০টি কার্টুন জমা পড়ত। কখনো কখনো এর চেয়ে বেশিও পড়ত। তবে ২০২৪ সালে, সেই সংখ্যা নেমে এসেছিল ২৪৭টিতে, যা এ যাবৎকালের সর্বনিম্ন। ছাত্রছাত্রী এবং তাদের পরিবার, তাঁদের স্কুলশিক্ষক বা কলেজশিক্ষকদের কাছ থেকে জানতে পেরেছিলাম যে তারা ভয় পাচ্ছেন।
তিনি আরও বলেন, শুধু তা–ই নয়, তিন বছরের বিরতির পর চারুকলা অনুষদে টিআইবি এই অনুষ্ঠান করতে পারছে। আগের সরকার ও শাসনব্যবস্থা এমন পরিস্থিতি তৈরি করেছিল যে টিআইবি চারুকলায় প্রদর্শনী করতে পারেনি। এমনকি ব্যক্তিগত গ্যালারিতে আয়োজন করতে গেলেও গ্যালারিমালিককে ভয় দেখানো হয়েছিল।