ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ | ১০ মাঘ ১৪৩২ | ৩ শা‘বান ১৪৪৭

শিরোনাম

ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে বিএনপি সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রিজভী

ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে বিএনপি সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি, তার সুস্থতা আমাদের কাছে মুখ্য। বড় ধরনের সংকট তৈরি না হলে, বিপর্যস্তকর সংকট তৈরি না হলে, যে নির্ধারিত সময়ের কথা সরকার বলেছে, রমজানের আগে নির্বাচন; বিএনপি তাতে অংশ নিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এ ব্যাপারে বিএনপি এখনও অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ। 

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রামের সরদার পাড়া জামে মসজিদে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ উপস্থিত ছিলেন সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, সফিকুল ইসলাম বেবুসহ দলীয় নেতাকর্মীরা। এর আগে  খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কুড়িগ্রামের কয়েকটি এতিমখান ও দরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়।

খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে রিজভী বলেন, ফ্যাসিস্ট হাসিনার কোনও ধরনের নির্যাতন খালেদা জিয়াকে দমাতে পারেনি। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে অন্যায়, নির্যাতন ও নিপীড়ন সহ্য করেছেন। এরপরও তিনি হাসিনার জালিয়াতির নির্বাচনের ব্যাপারে সোচ্চার ছিলেন। দেশের পক্ষে থাকলে, জনগণের পক্ষে থাকলে আল্লাহ তাকে সম্মানিত করেন। আজকে তিনি রোগাক্রান্ত, সংকাটপন্ন, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। দেশের প্রতিটি শ্রেণিপেশার মানুষ আল্লাহর কাছে তার সুস্থতার জন্য কাঁদছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক সম্প্রদায় তার জন্য বার্তা পাঠাচ্ছে। আজ যেন সারা বাংলাদেশের আকাশ কাঁদছে, বাতাসে যেন রোনাজারি, নদীর স্রোতের মধ্যে যেন সেই আকুলতা আমরা শুনতে পাচ্ছি। সারা দেশের মানুষ যেভাবে দোয়া করছে, তাতে আল্লাহ নিশ্চয় দেশনেত্রীকে সুস্থতা দান করবেন।

তারেক রহমানের দেশে ফেরা প্রশ্নে রিজভী বলেন, যার মা কঠিন অসুস্থ অবস্থায়, যার চিকিৎসা দরকার। তিনি (তারেক রহমান) এখন সেটা নিয়ে ভাববেন নাকি অন্য কিছু ভাববেন? এ দেশের গণমানুষের নেতা তারেক রহমান। আজকে তার মায়ের গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে তিনি ঠিক উপযুক্ত সময়ে যখন আসা মনে করবেন ঠিক সেই সময়ে তিনি আসবেন। এই সিদ্ধান্তটা তার।