অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি তা চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন কমিশন বিষয়ক কমিটির প্রধান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, খালেদা জিয়া অসুস্থ। আশা করছি দ্রুত সুস্থ হয়ে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবেন খালেদা জিয়া।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধিদল। বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এ বৈঠক হয়। বৈঠক শেষে তিনিএসব কথা বলেন। এসময় আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
তফসিল পেছানো প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেন, বেগম জিয়া অসুস্থ। তার জন্য দোয়া করছি। আল্লাহর মেহেরবানিতে তার চিকিৎসা চলছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এটা বিবেচনায় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচন বিলম্ব চায় না। তিনি দ্রুত সুস্থ হয়ে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবেন। আমরা দ্রুত নির্বাচন চাই। যথাসময়ে নির্বাচন হোক এটা আমাদের চাওয়া।
নজরুল ইসলাম খান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে দুই ব্যালট থাকছে যা সময়সাপেক্ষ ব্যাপার। বিএনপি চায় সব ভোটার যেন ভোট দিতে পারেন। কিন্তু একটা কেন্দ্রে ভোটারের সংখ্যা অনেক বেড়ে গেছে। আমরা এ ব্যাপারে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। ইসি বলেছে, রোববার একটি মিটিং আছে সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। ভোটকেন্দ্র, বুথ এবং ভোট দেয়ার সময় বাড়ানো যায় কিনা এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে ইসির সঙ্গে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ভোটারদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় ভোটকেন্দ্রে, সব ভোটার যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা নিতে হবে।প্রাইভেট কিংবা বেসরকারি প্রেসে যাতে ব্যালট ছাপানো না হয় সে ব্যাপারে ইসিকে সর্তকও করা হয়েছে।