খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়ন আদেশ জারির সিদ্ধান্ত ইতিবাচক এবং জন অভিপ্রায়ের বহিঃপ্রকাশ । এটি জনগণের কাঙ্ক্ষিত সংস্কারের প্রত্যাশা পূরণে একধাপ অগ্রগতি। কিন্তু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের উপর গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠানের সিদ্ধান্ত যথার্থ নয়। কারণ এতে সনদ বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস কর্তৃক জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় দলের কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরুর পাঠানোর এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
মাওলানা আবদুল বাছিত বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠানের সিদ্ধান্ত জুলাই সনদ বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ হবে। একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে জনমনে সংশয় রয়েছে। নির্বাচন কমিশন সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারবে কিনা সে প্রশ্নও রয়েছে। এতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আরো জটিলতা সৃষ্টি হতে পারে । জাতীয় জুলাই সনদ ২০২৫ বাস্তবায়নে সরকার আন্তরিক হলে গণভোট জাতীয় নির্বাচনের আগে করা সম্ভব।