টানা আন্দোলনের মুখে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া (দু’দফায় বাড়বে) ১৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (২১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়। অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
শিক্ষকদের বাড়ি ভাড়া প্রথমধাপে আগামী ১ নভেম্বর থেকে ৭.৫ শতাংশ এবং ২০২৬ সালের ১ জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ মিলে মোট ১৫ শতাংশ নির্ধারণ করা হয়।
সভা শেষে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেন, এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের জন্য চলতি নভেম্বরের ১ তারিখ থেকে ৭.৫% বাড়িভাড়া (ন্যূনতম ২০০০ টাকা) এবং ২০২৬ এর জুলাই থেকে ৭.৫% মোট ১৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর হবে। শিক্ষকদের দাবি অনুযায়ী ১৫ শতাংশ হারে এই ভাতা নিশ্চিত করতে পেরে একজন শিক্ষক হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে কছে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, শিক্ষকরা আরও অধিক সম্মানের দাবিদার এবং তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের সচেষ্ট থাকা দরকার।
অর্থ বিভাগের চিঠিতে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ২০২৬ সালের ১ জুলাই থেকে ওই ৭.৫ শতাংশের অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো।